ঈশ্বরদীতে দাদি-নাতনিকে হত্যার ঘটনায় মামলা
নিহত জামিলা খাতুন (নাতনি)
পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে নিহত সুফিয়া খাতুনের মেয়ে মর্জিনা খাতুন মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
রোববার (১ মার্চ) ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের একটি সূত্র জানায়, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুত রহস্য উদঘাটন হবে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার
এর আগে শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকা থেকে সুফিয়া খাতুন (৬৫) ও জামিলা আক্তার (১৫) নামের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে দাদি-নাতনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় সুফিয়া খাতুনকে হত্যার পর নাতনি জামিলাকে অপহরণ করা হয়। পরে বাড়ির পাশে সরিষাক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শেখ মহসীন/এসআর/এমএস