ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, জ্বালানিনির্ভর বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

রোববার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ শহরের বড়বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করতে সারাদেশে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বাজার যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কেউ যাতে অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে সুযোগ নিতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শরীফুল আলম বলেন, ‌‘সারাদেশে পর্যায়ক্রমে আমরা সফর করছি। বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি টিসিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।

বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এসময় টিসিবির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের স্মরণে মোড়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

এসকে রাসেল/এসআর/এমএস