ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, কারখানা মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ০১ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও দই তৈরির অভিযোগে নাহিদ অ্যান্ড নাদিম ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটিতে নোংরা পরিবেশে মিছরি তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া ক্ষতিকর কালিযুক্ত নিউজপ্রিন্ট কাগজে সেমাই মুড়িয়ে রাখা হয়েছে। সেমাই সংরক্ষণের খাঁচাগুলো ছিল জীবাণুযুক্ত ও অপরিচ্ছন্ন। ফ্রিজে রাখা দইয়ে ছত্রাক (ফাঙ্গাস) দেখা গেছে এবং দই সংরক্ষণে ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর নন-ফুড গ্রেড প্লাস্টিক।

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, কারখানা মালিকের জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

এল.বি/আরএইচ/এমএস