রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো দুই শ্রমিকের
রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আল-আমিন (৩২) ও একই উপজেলার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া (২৬)।
রোববার (১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার গঙ্গানগর এলাকার ট্রাইকম নামক একটি প্রতিষ্ঠানের মালামাল আনলোডের সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর সংলগ্ন গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে কাজল ঘোষের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাইকম গ্রুপের মালামাল আনলোড সেকশনে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নামক যন্ত্রটি আনলোড করার কাজে নিয়োজিত শ্রমিকদের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আল-আমিন নামে একজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান, তার নামও আল-আমিন।
আরও পড়ুন
ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে
দুবাই এখন কার্যত ভূতুড়ে শহর, ইরানি হামলায় আতঙ্ক
আনলোড সরদার ওমর ফারুক মোবাইল ফোনে বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমি তাদের মরদেহের নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হেসেন জাগো নিউজকে বলেন, ক্রেনের তার ছিঁড়ে দুজন শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ায় ঘটনাস্থলে হতাহত কাউকে পাওয়া যায়নি। বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।
নাজমুল হুদা/কেএসআর