যশোরে রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার যুবকের কারাদণ্ড
যশোরের অভয়নগরে রাতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ৬ মাস ও বাকি তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া মডেল স্কুল ও তালতলা রেলস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার (৪ মার্চ) সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভয়নগর থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে গুয়াখেলা গ্রামের শাহীমোড়, এরপর নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন নওয়াপাড়া মডেল স্কুল এলাকা এবং রাত ১২ টার দিকে তালতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, পৃথক অভিযানে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আটকদের মধ্যে গুয়াখোলা গ্রামের মৃত শওকত শেখের ছেলে বাবুল শেখকে (২৮) গাঁজাসেবন ও বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহাকাল গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে তরিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আজাদ বিশ্বাসকে (২৯) গাঁজা সেবন ও বহনের দায়ে এক বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে জাফরপুর গ্রামের মৃত আব্দুল হালিম মোল্যার ছেলে সুমন মোল্যাকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে আদালতের নির্দেশে রাত সাড়ে ১২টার দিকে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এমএন/এমএস