নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দাউদ গাজি (৫২) নামে ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাচই-ধানাইড় গ্রামে অবস্থিত আগুন ব্রিকস্ নামক ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দাউদ গাজি খুলনার পাইকগাছা থানার হকলারচক গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ লোহাগড়া উপজেলার আগুন ব্রিকস্ নামে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে দাউদ গাজি ইটভাটায় পানির মোটর চালিয়ে মাটি ভেজানোর কাজ করছিলেন। এদিন কাজ চলাকালীন হঠাৎ মোটর বন্ধ হয়ে যায়। এরপর তিনি ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাফিজুল নিলু/আরএইচ/এএসএম