ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুবি শিক্ষককে অপহরণ করে ৯৭ হাজার টাকা লুট

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৬ মার্চ ২০২৬

কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন থেকে অর্থ লুট করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

আবদুর রাজ্জাক সোহেল বলেন, বুধবার দুপুরে জরুরি কাজে সহকর্মীর প্রাইভেট কারে করে কোটবাড়ি এলাকায় যাই। সেখানে ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে সামনে থামে। গাড়িতে থাকা একজন তাকে জিজ্ঞেস করেন তিনি উবার কল করেছেন কীনা। উবার ডাকেননি বললেও ওই ব্যক্তি জানান, অ্যাপে তার ছবি দেখা যাচ্ছে। বিষয়টি যাচাই করতে গেলে গাড়িতে থাকা আরও তিনজন জোর করে তাকে গাড়ির ভেতরে তুলে নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে বুকে ও মাথায় আঘাত করে।

তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে আবিদ মার্কেটের পাশের একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে নেওয়া হয়। সেখানে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে ২ হাজার ৫০০ টাকাসহ মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। তার মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা চার দুর্বৃত্ত তাকে এসিডে ঝলসে দেওয়ার এবং চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করার হুমকি দেয়। এ সময় তিনি আকুতি-মিনতি করলে তারা তা থেকে বিরত থাকে। পরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা চিৎকার করে বলে, ‘পেছনে ফিরে তাকালে গুলি করা হবে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষক অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতার পুলিশ তৎপর রয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম