ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর চিন্তার ফসল ফ্যামিলি কার্ড: দীপেন দেওয়ান

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০২:০৩ পিএম, ১০ মার্চ ২০২৬

ফ্যামিলি কার্ডকে প্রধানমন্ত্রীর চিন্তার ফসল বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে লামা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার ফসল ফ্যামিলি কার্ড। তিনি জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথম ধাপে অতি দরিদ্র ও দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারীদের অগ্রঅধিকার দিয়েছেন। এতে বান্দরবানের লামা উপজেলাকে প্রথম ধাপে বেছে নিয়েছেন। সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙালিদের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আমরা আসছি জনগণের সেবা করার জন্য, আমরা একে অপরের পরিপূরক।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, আমরা এখন জনগণের সেবক। জনগণের সেবার উদ্দেশ্যেই আমরা ক্ষমতায় এসেছি। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানান তিনি।

এসময় বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, সারা বাংলাদেশে এটা একটা অভূতপূর্ব ঐতিহাসিক মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে থাকা অবস্থায় যে পরিকল্পনা করেছেন সেটাকে বাস্তবায়ন করেছেন এবং আমরা ভাগ্যবান এই পরিকল্পনায় বান্দরবানের লামাকে যুক্ত করেছেন। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা-বোন, ফলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকেই প্রথম প্রাধান্য দিয়েছেন। জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত মায়েদের ভূমিকা অপরিসীম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রথমধাপে লামা উপজেলার দুর্গম ফাসিয়াখালী ইউনিয়নে ১ হাজার ৯৭ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তার মধ্যে আজ প্রথমধাপে ৮ শতাধিক পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়।

নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম