ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুপারশপের গুড়ে কিলবিল করছিল পোকা, মালিকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১০ মার্চ ২০২৬

শরীয়তপুর শহরের তিনটি সুপারশপে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নানা অসংগতি পাওয়া গেলে দুটি সুপারশপের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শহরের সুপারশপ স্বপ্ন, আল-আকসা সুপারমার্কেট ও তামিম ফ্যামিলি ফুড সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লাভলী শীল। সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভেজাল খাদ্য বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। এসময় আল-আকসা সুপারমার্কেট নামের একটি সুপারশপের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব ও অসংখ্য পোকা পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে ফুড কালারের নামে ক্ষতিকর রঙ, অনুমোদনহীন ভেজাল মরিচের গুঁড়া ও ভেজাল তালমিশ্রি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

সুপারশপের গুড়ে কিলবিল করছিল পোকা, মালিকের বিরুদ্ধে মামলা

অন্যদিকে সুপারশপ স্বপ্নতে অনুমোদনহীন ফুড কালার পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এছাড়া তামিম ফ্যামিলি ফুড সেন্টারের গুড়ে হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব ও কিছু খাদ্যে রঙের অস্তিত্ব পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

বিষয়টি নিয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, ভেজাল খাদ্য বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ তিনটি সুপারশপে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সুপারশপগুলো বিভিন্ন অনুমোদনহীন রঙ ও ক্ষতিকর হাইড্রোজেন পার অক্সাইডের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া একটি প্রতিষ্ঠানের গুড়ে অসংখ্য পোকা ছিল। পরে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।

বিধান মজুমদার অনি/এসআর/এমএস