ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি
ফরিদপুর জেলায় মোট পেট্রোল পাম্পের সংখ্যা ৪০টি। এরমধ্যে বেশিরভাগ পাম্পে তেল সংকট বলে জানিয়েছেন জেলা পেট্রোলপাম্প মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মিয়া কুটি।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কারণে কাঙ্ক্ষিত তেল পাওয়া যাচ্ছে না। এখনই যদি কোনো সমাধান না করা যায়, তাহলে ঈদযাত্রায় বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত জরুরি সভায় এসব কথা বলেন ওয়াহিদ মিয়া কুটি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
সমিতির সভাপতি ওয়াহিদ মিয়া বলেন, ‘প্রতিদিন ফরিদপুরে অন্তত আড়াই লাখ লিটার তেলের চাহিদা রয়েছে। বর্তমানে তেলের ডিপো থেকে চাহিদার অর্ধেক তেল পাঠানো হচ্ছে। যে কারণে আমাদের নাজুক অবস্থা। বৃহস্পতিবার আমাদের তেল দেওয়া হবে, শুক্র ও শনিবার তেল দেওয়া হবে না। এ দুদিন তেল যদি না দেওয়া হয়, তাহলে রোববার থেকে আমরা কাউকে আর তেল দিতে পারবো না। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে কথা বলে ফরিদপুরে তেলের সরবরাহ বাড়াতে হবে।’
জরুরি সভায় তিনি আরও বলেন, তেল কম দেওয়ার কারণে বিভিন্ন পাম্পে আমাদের কর্মচারীদের মারধরও করা হয়েছে। কেউ সাংবাদিক, কেউ পুলিশ, কেউ রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে তেল বেশি নিতে চাচ্ছেন। এগুলো বন্ধ করতে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।
এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ বলেন, এটি আন্তর্জাতিক ইস্যু। সে ক্ষেত্রে আমাদের সবাইকে সাশ্রয়ী ও সচেতন হতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, জেলা পেট্রোলপাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এন কে বি নয়ন/এসআর/এমএস