ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণ: প্রতিবাদ মিছিলে এনসিপি-যুবদলের মারামারি

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:৪০ এএম, ১১ মার্চ ২০২৬

নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকায় যাওয়ার পথে লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ মিছিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবদল নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এ মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, ছাত্রশক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক ও শাখাওয়াত হোসেন হিরো।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে তা একইসময় একই সড়কে প্রদক্ষিণ করতে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে বুধবার সকাল পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।’

এদিকে গত রোববার (৮ মার্চ) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ঢাকায় যাওয়ার পথে ফারহান-৪ লঞ্চে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছাত্রী পরীক্ষার ফরম পূরণ করার জন্য লঞ্চের কেবিনে ঢাকায় যাচ্ছিলেন। লঞ্চে একই এলাকার অভিযুক্ত দুজনও ছিলেন। তারা কেবিনে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। লঞ্চ থেকে নামার পর ওই ছাত্রী পুলিশকে বিষয়টি জানান।

রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. ফয়সাল আহমেদ বলেন, কলেজছাত্রীর ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের মো. সাকিব উদ্দিন (২৬) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোটখালী মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

তাদের মধ্যে আসামি মোহাম্মদ নুরুজ্জামান মিঠুর (৩২) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তার জবানবন্দি রেকর্ড করেন। একই আদালত অপর আসামি মো. সাকিব উদ্দিনকে (২৬) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস