ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১১ মার্চ ২০২৬

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতি করায় এফিডেভিটের মাধ্যমে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন মীর মো. আব্দুল মালেক নামে এক ব্যক্তি। ৬ মার্চ নেত্রকোনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে এই এফিডেভিট করেন তিনি।

মীর মো. আব্দুল মালেকের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকায়। ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন কৈশোরকাল থেকে পারিবারিক নীতি বিচ্যুত হয়ে ছাত্রলীগ কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। সবশেষ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করে। একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে তার পরিবার ও আত্মীয়-স্বজনদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেন আব্দুল মালেক।

মীর মো. আব্দুল মালেক এফিডেভিটে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটন তার নিষেধ উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। এ ঘটনা জানার পরে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি কোনো বেআইনি কাজে জড়িত থাকলে তার দায়-দায়িত্ব তিনি নেবেন না।

এ বিষয়ে জানতে চাইলে মীর মো. আব্দুল মালেক বলেন, ‘আমাকে এই কাজটা করতে বাধ্য করা হয়েছে। তাকে তার রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই তার মঙ্গলের জন্যই তাকে ত্যাজ্যপুত্র করেছি।’

তবে মীর মো. সাজেদুর রহমান ছোটন ফোনে বলেন, ‘আমি প্রায় তিন বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কারণ তারা সবাই বিএনপি করেন। আমার বড় ভাইও সাবেক ছাত্রদল নেতা। আমি ছাত্রলীগ করি বলে গত আগস্ট মাসেও ফেসবুকে আমার বাবা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এখন দেখলাম, আমাকে ত্যাজ্যপুত্র করেছে। তাতেও আমার দুঃখ নেই, আমি ছাত্রলীগই করবো।’

এইচ এম কামাল/এসআর/এএসএম