ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে বরাদ্দের খেজুরের কার্টন সংখ্যায় গরমিল

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১১ মার্চ ২০২৬

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া টাঙ্গাইলে খেজুরের কার্টনের হিসাবে গরমিল দেখা দিয়েছে।

বুধবার (১১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত খেজুরের বরাদ্দে গরমিল দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দেয় সরকার। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এর দেওয়া এই খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। সে হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকাশিত বরাদ্দে টাঙ্গাইলে ৩১৮ কার্টন খেজুর দেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত হিসেবে ৩০০ কার্টন বরাদ্দ দেখানো হয়েছে। ১৮ কাটন খেজুর কম দেখানোয় সমালোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, গত ১ মার্চ সারাদেশে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে খেজুরের কার্টন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু জেলা পর্যায়ে খেজুরের বরাদ্দের এসব তথ্য বুধবার ছড়িয়ে পড়ে৷

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার সূত্রে জানা যায়, বাসাইলে ১৭ কার্টন, ভূঞাপুর ২৩, দেলদুয়ারে ১৬, ধনবাড়ীতে ১৬, ঘাটাইলে ৩৩, গোপালপুরে ২০, কালিহাতীতে ৩৩, নাগরপুরে ২৩, সখীপুরে ২৩ এবং টাঙ্গাইল সদরে ৩৮ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রথমে আমাদের ৩১৮ কার্টন বরাদ্দ দেওয়ার কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে তা সংশোধন করে ৩০০ কার্টন বরাদ্দ দেওয়া হয়। এতে কোনো গড়মিল নেই।

বিষয়টি নিয়ে তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় খোঁজ নিতে বলেন। তিনি আরও বলেন, বরাদ্দের এসব খেজুর ইউএনওদের কাছে দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে জানতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম