ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:০৮ এএম, ১২ মার্চ ২০২৬

ভোলায় বসতঘরে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁদ কাজী শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম (৬০) ওই বাড়ির মো. মফিজুল শিকদারের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হালিমা ও তার স্বামী মফিজুল একটি ঘরে থাকতেন। আর তাদের সন্তানরা একই বাড়িতে অন্য ঘরে বাস করেন। বুধবার রাতে মফিজুল তারাবির নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে গেলে হালিমা একা ঘরে ছিলেন। মসজিদ থেকে মফিজুল বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং তার স্ত্রী বিছানায় পড়ে আছেন ও কোনো সাড়াশব্দ নেই। পরে তার চিৎকারে স্বজনরা ছুটে এসে পুলিশে খবর দেন।

পরিবারের সদস্যদের দাবি, হত্যাকারীরা পরিচিত। বৃদ্ধাকে হত্যা করে ঘর থেকে স্বর্ণালংকার ও দলিলপত্র নিয়ে গেছে বলে অভিযোগ তাদের।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক পর্যায়ে ধারণা করা যাচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি। আশা করি হত্যার কারণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা যাবে।’

জুয়েল সাহা বিকাশ/একিউএফ