ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটের তিলকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন পিন্টু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১১:২৫ এএম, ১২ মার্চ ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) ইউপি সদস্য মামুনুর রশিদ পিন্টুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া এক অফিস আদেশে তাকে ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।

জেলা প্রশাসন ও ইউপি সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিলকপুর ইউপির নির্বাচিত চেয়ারম্যান সেলিম মাহবুব সজলের বিরুদ্ধে মামলা হলে তিনি আত্মগোপনে যান। এরপর প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব পালন না করায় পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর ধরে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করেন।

তবে সম্প্রতি ওই কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন। এতে আবারও অচলাবস্থার আশঙ্কা দেখা দেয়। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখা ও স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করার স্বার্থেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপির সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মামুনুর রশিদ পিন্টুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর জনপ্রতিনিধির কাছে সেবা পাওয়ার সুযোগ পেয়ে খুশি স্থানীয়রা। তিলকপুরের বাসিন্দা আজমল হোসেন বলেন, প্রশাসক নিয়োগ দেওয়া হলেও জনপ্রতিনিধি না থাকায় নাগরিকদের সমস্যা হচ্ছিল। ইউপি সদস্য পিন্টু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় আমাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু বলেন, আমি জেলা প্রশাসকের দাপ্তরিক অফিস আদেশ পেয়েছি ও সেই অনুযায়ী কাজ করছি।

মাহফুজ রহমান/এমএন/এএসএম