নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গাবতলী এলাকার সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
কারখানার কাটিং ম্যান আব্দুল খালেক বলেন, গত দুই মাস ধরে বেতন ও ওভারটাইমের কোনো টাকা দিচ্ছে না কর্তৃপক্ষ। সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন করছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। সংবাদ পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মোবাশ্বির শ্রাবণ/এমএন/এএসএম