ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুর ওপর ছবি তুলতে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজন ঘাটিনা রেল ব্রিজে উঠে রেলপথে থাকা শিমুল ফুলের বাগান ও রেলব্রিজের ছবি তুলছিলেন। এসময় হঠাৎ রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন চলে আসে। পরে তারা সরে যাওয়ার চেষ্টা করলেও একজন ট্রেনে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এম এ মালেক/এসআর/জেআইএম