ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোট গণনার মাঝে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৩ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা অবস্থায় ব্যালট ত্রুটিপূর্ণ এমন অভিযোগে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন ও ভোট গণনা স্থগিত ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক। এ নিয়ে আইনজীবী সমিতিতে উত্তেজনা তৈরি হয়।

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির ভোটার ৬৮৯ জন। এরমধ্যে ভোট পড়েছে ৬৫৪টি। এরপর ভোট গণনা শুরু হয়।

আইনজীবীরা জানান, রাত সাড়ে নয়টা পর্যন্ত মোট ২০০ এর অধিক ভোট গণনা করা হয়। এরই মাঝে সিনিয়র সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি প্রার্থী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানও মৌখিকভাবে একই আবেদন করেন। এর প্রেক্ষিতে আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ও ভোট গণনা স্থগিত করেন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক বলেন, সারাদিন আমরা নির্বাচন করেছি। আমরা প্রায় ২০০ ভোট গণনা করেছি। আবেদনের প্রেক্ষিতে নির্বাচন বন্ধ করে দিয়েছি। তারা বলেছেন, ব্যালটে ত্রুটি-বিচ্যুতি ছিল। কিন্তু এটা কোনো ত্রুটি না। আমাদের কাজ করার পরিবেশ থাকতে হবে। ভোট গণনার কোনো পরিবেশ ছিল না। তাই নির্বাচন স্থগিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতৈপ চন্দ্র দাস বলেন, আইনজীবী সমিতি নির্বাচনে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাচন ও ভোট গণনা স্থগিত করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম