বিচারব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম/ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে জেলা এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ফেনীতে আমাদের ১১ জন ভাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। সেই শহীদদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। তাদের জন্যই এনসিপি থেকে আজ ছয়জন সংসদ সদস্য হয়েছে।
তিনি বলেন, ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় যেতে পারিনি। ইনশাআল্লাহ ঈদের পর সাংগঠনিক সফরে ফেনী যাবো।

এসময় সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, সাংবিধানিক শূন্যতার নামে যে রাষ্ট্রপতির হাতে সকলকে শপথ পড়ানো হয়েছিল, এখন দেখা যাচ্ছে তিনি কতটা বিতর্কিত। দুর্নীতির অভিযোগে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করার সময় তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন। আমরা মনে করি, ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতির সঙ্গে জড়িত এই রাষ্ট্রপতিকে অপসারণ ও অভিশংসনের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে।
ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম।
আবদুল্লাহ আল-মামুন/বিএ