কুমারখালীতে বিভিন্ন এতিমখানায় সৌদি খেজুর বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ খেজুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দোস্তদার হোসেন এবং বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকরা।

প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা। দুর্গাপুর দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ‘খুবই স্বচ্ছতার সঙ্গে সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। প্রথমবারের মতো উপহারের খেজুর পেয়ে আমরা খুব আনন্দিত। এগুলো সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।’
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উপজেলার জন্য মোট ২৮ কার্টনে ২২৪ প্যাকেটে ২২৪ কেজি সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আল-মামুন সাগর/এসআর/এমএস