ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভূমিমন্ত্রী

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৬ মার্চ ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। ধানের সর্বোচ্চ স্থান নওগাঁ। শহর গুলো বৃদ্ধি পাচ্ছে। আমাদের খাদ্যের যে চাহিদা তা আমাদের পূরণ করতে হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে তার টিমে রেখেছেন আপনাদের সেবা করার জন্য। আমি জানি ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনের অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলবো না, বাট আই ডু সামথিং ফর পিপল। আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব।

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে যাতে কোনো অনিয়ম দুর্নীতি না থাকে সেজন্য আমরা কাজ করছি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনারা নির্দেশ করবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেয় না। অ্যাডমিনিস্ট্রেশনের ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন। ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকি।

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

আরমান হোসেন রুমন/আরএইচ/জেআইএম