ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাদ থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৮ মার্চ ২০২৬

ময়মনসিংহে বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উম্মে হাবিবা রিজু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা করলেও তা শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৬ মার্চ) সকালে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকায় তাদের ভাড়া বাসায় সকাল ৯টা ২১ মিনিট থেকে ৯টা ৩৪ মিনিটের মধ্যে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তার স্বামী ডা. মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।

পুলিশ জানায়, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ২১ মিনিটে তিনি নিজেই সিঁড়ি বেয়ে ছাদে ওঠেন। পরে সকাল ৯টা ৩৪ মিনিটে পাশের বাসা থেকে চিৎকারের শব্দ শুনে তার শাশুড়ি নিচে দৌড়ে গিয়ে দেখেন, তিনি পড়ে আছেন। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, শুনেছি ছাদ থেকে পড়ে আমাদের শিক্ষার্থী রিজু মারা গেছে। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, মানসিকভাবে হতাশায় (ডিপ্রেশন) ভুগে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মারা গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে তা নিশ্চিত হওয়া যাবে।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস