ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের আনন্দ বিসর্জন দিয়ে সীমান্তে অতন্দ্র প্রহরী বিজিবি

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২০ মার্চ ২০২৬

চারদিকে যখন ঈদের আনন্দ আর নাড়ির টানে বাড়ি ফেরার উৎসব, তখন পাহাড়ের দুর্গম সীমান্তে দেশের স্বার্থে নিজের আনন্দ বিসর্জন দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। পরিবারের সঙ্গে সেমাই-পায়েসের স্বাদ নয়, বরং হাতে রাইফেল আর বুকে দেশপ্রেম নিয়ে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে পাহারা দিচ্ছেন তারা। এমনই একদল সীমান্ত প্রহরী দেখা মিলেছে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া সীমান্তে।

জানা গেছে, বাবুছড়া এলাকায় ৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ১০টি বিওপির মাধ্যমে প্রায় ৫৮ কিলোমিটার ভারত সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখানকার দায়িত্ব পালন আরও চ্যালেঞ্জিং হলেও সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে তা সামাল দিচ্ছেন। এছাড়া বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেও সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের প্রেক্ষাপটে পাচার রোধে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বাবুছড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট ও চৌকি। এসব স্থানে দিনরাত টহল ও নজরদারির মাধ্যমে যে-কোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে সক্রিয় রয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার না হতে পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সন্দেহজনক চলাচল ও যানবাহন তল্লাশির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

ঈদের আনন্দ বিসর্জন দিয়ে সীমান্তে অতন্দ্র প্রহরী বিজিবি

রমজান মাসে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ না পেলেও দায়িত্ব পালনে কোনো ক্লান্তি নেই সদস্যদের মধ্যে। সহকর্মীদের সঙ্গে একসঙ্গে ইফতার এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই তারা দায়িত্ব পালন করছেন। অনেক সদস্য এবার ঈদে বাড়ি যেতে না পারলেও দেশের নিরাপত্তাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, রমজান মাসে ইফতার সঙ্গে নিয়েই সদস্যরা দায়িত্ব পালন করছেন। এবারের ঈদে অনেক সদস্য বাড়িতে যেতে পারবেন না এটাই আমাদের পেশাদারিত্বের একটি দৃষ্টান্ত। তারপরও আমরা হাসিমুখে দায়িত্ব পালন করে যাবো।

প্রবীর সুমন/কেএইচকে/এমএস