ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৪ মার্চ ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং অন্যদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএনপি নেতা দবির উদ্দিন ও তার লোকজন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা-মাকে মারধর করেন। এর প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী। এতে ক্ষিপ্ত হয়ে দবির উদ্দিনের লোকজন ফরমান আলীকেও মারধর করেন। পরে এর জের ধরে রাতে ফরমান আলী ও দবির উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ বিষয়ে বিএনপি নেতা দবির হোসেন বলেন, ‌‘বিগত ১৭ বছর ধরে স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্বাস আলী আমাদের পরিবারের ওপর নির্যাতন-জুলুম চালিয়ে আসছিলেন। তারা আমাদের গোয়ালের গরু পর্যন্ত নিয়ে গেছে। মাঠের ফসল তুলতে দেয়নি। তাই মারের বদলে মার নেওয়া হয়েছে।’

জানতে চাইলে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলী বলেন, ‘৫ তারিখের (৫ আগস্ট) পর থেকেই দবির উদ্দিন আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিলেন। বেশ কয়েকবার চাঁদা দিয়েছি। আবারও চাঁদা চেয়ে না পেয়ে আমার বাবা-মায়ের ওপর হামলা চালানো হয়। বর্তমানে বাবা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ রয়েছে।

আসিফ ইকবাল/এসআর/এএসএম