ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৫ মার্চ ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কালাম (৬৫)। তিনি একই ইউনিয়নের সোহাগী মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। অভিযুক্ত মোহাম্মদ কাশেম (৫৫) ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তাদের দুজনের বাড়ি পাশাপাশি জায়গায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ কাশেম ও আবুল কালামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রাত পৌনে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া এলাকায় আবুল কালামকে ছুরিকাঘাত করেন কাশেম। কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কাশেম পলাতক। তাকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম