ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্প থেকে বস্তাবন্দি এক শিশুর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৫ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লার স্তূপের পাশে একটি বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা।

পরে রোহিঙ্গারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবহিত করেন। খবর পেয়ে কুতুপালং এপিবিএন, থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত শিশু নূর হালিমা (৩)। তার বাবা নূর আলম। তিনি উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

জাহাঙ্গীর আলম/এনএইচআর/এএসএম