যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
আগুনে বাসটি পুড়ে গেলেও যাত্রীরা অক্ষত রয়েছেন/ছবি-সংগৃহীত
যশোর-নড়াইল মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে গেলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার ফতেপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামের বাস ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। পথে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসমালিকদের কাছে এর ত্রুটির কথা জানিয়েছিলেন। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
মিলন রহমান/এসআর/এএসএম