উখিয়া থেকে ৩ হাজার লিটার এসিড উদ্ধার
কক্সবাজারের উখিয়ার পালংখালিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ এসিড জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশনে অবস্থিত আলছমি মার্কেটের নিচতলায় আক্তার হোসেন (৩২) নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকান থেকে ১০০টি জেরিকেনে রাখা প্রায় ৩ হাজার লিটার এসিড উদ্ধার করা হয়।
অভিযানকালে আক্তার হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরে দোকানটি তালাবদ্ধ করে স্থানীয় ইউপি সদস্য নুরুল হক ও গ্রাম পুলিশ হোছন আহমদের জিম্মায় রাখা হয়। একই সঙ্গে একটি ৩০ লিটারের কন্টেইনার নমুনা হিসেবে থানায় নেওয়া হয়েছে পরীক্ষার জন্য।
স্থানীয়দের দাবি, এসব এসিড দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে এনে গোপনে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। চক্রটি অত্যন্ত সংগঠিতভাবে বিভিন্ন যানবাহন ও কৌশল ব্যবহার করে এই পাচার কার্যক্রম চালিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিতে নিত্যনতুন পদ্ধতি অবলম্বন করত, ফলে দীর্ঘদিন ধরেই বিষয়টি ধরা পড়েনি।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মিয়ানমারে পাচারের জন্য মজুত করা হয়েছিল। এর আগেও এমন ঘটনা ঘটেছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে পালংখালিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসিড জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জাহাঙ্গীর আলম/এনএইচআর