ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে দুই দিনব্যাপী করিম লোক উৎসব শুরু

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৮ মার্চ ২০২৬

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোক উৎসব। শুক্রবার (২৭ মার্চ) রাতে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার উজানধল গ্রামের মাঠে উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ ২ আসনের (দিরাই -শাল্লা) সংসদ সদস্য নাছির চৌধুরী।

তবে লোক উৎসব উদ্বোধনের আগে ধল মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী।

তিনি বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে আমি খুব কাছ থেকে দেখেছি। তার গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়।

তিনি আরও বলেন, আজকে করিম ভক্তরা শাহ আব্দুল করিম কমপ্লেক্সসহ যে দাবিগুলো উপস্থাপন করেছেন- কথা দিচ্ছি সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগের বাহাদুরি এখন গেল কইসহ রাতভর ধল মাঠে গান পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা।

এদিকে দুই দিনের এই লোক উৎসবকে ঘিরে উজান ধল মাঠে করিম ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়। সেই সঙ্গে দুই দিনের এই উৎসবকে ঘিরে মাঠের চারদিকে শতাধিক দোকান পাঠ বসেছে।

উল্লেখ্য, ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন বাউলসম্রাট শাহ আবদুল করিম। দীর্ঘ সংগীতজীবনে তিনি রচনা করেছেন অসংখ্য জনপ্রিয় গান। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করলেও তার গান ও দর্শন আজও বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত রয়েছে।

লিপসন আহমেদ/এনএইচআর