ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৮ মার্চ ২০২৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি।

শনিবার (২৮ মার্চ) সকালের দিকে টেকনাফ সাবরাং শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

আটক জেলেরা টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাঙ্গরপাড়ার বাসিন্দা। তারা হলেন- মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক এবং মো. জাবের মিয়া (২৪)।

শাহপরীর দ্বীপের বাসিন্দা জেলে নেতা হাসান আলী জানান, সকালে নাফ নদীর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে।

তিনি আরও জানান, আটক জেলেরা শাহপরীর দ্বীপ মাঝের পাড়া ও ডাঙ্গরপাড়ার বাসিন্দা।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে শাহপরীর দ্বীপের ১৩ জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। তবে এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম