ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ‌‘ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক কামাল হোসেন জানান, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড পেতে হলে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

তিনি আরও বলেন, ১ এপ্রিল থেকে শুধু ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। জেলার ২২টি পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিক্রি চলবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা পাওয়া যাবে।

একই সঙ্গে অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, সোমবার (৩০ মার্চ) থেকে জেলায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এসআর/জেআইএম