মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় প্রায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে মাদারীপুরের পৌর শহরের থানতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব খাঁ ও পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।
এরই জের ধরে রোববার সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দ্বিতীয় দফায় রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে ফের সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এসময় পাকদী এলাকার প্রায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে আহত হন ৫ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। তবে আহতদের নাম জানা যায়নি।

নাম প্রকাশ না করে স্থানীয় কয়েকজন বলেন, স্থানীয় আকিব ও মঈন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সাধারণ মানুষ বেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়।
এদিকে ঘটনাস্থলে পুলিশ মেতায়েন থাকায় উভয়পক্ষের লোকজন পলাতক রয়েছে তাই কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
- ২ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ৩ টানাবৃষ্টি-পাহাড়ি ঢলে ৬ গ্রাম প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি
- ৪ সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল
- ৫ মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ