গাইবান্ধায় ২২ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ
জ্বালানি তেলের অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধসহ বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে গাইবান্ধার ২২টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন।
আদেশে ট্যাগ অফিসারদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— ফিলিং স্টেশনের দৈনিক মজুত রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিকের মাধ্যমে তেলের পরিমাণ নিশ্চিত করা, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করা।
আদেশে আরও বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সাব্বির আহমেদ বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ভোক্তারা নির্ধারিত মূল্যে তেল পেতে সক্ষম হবেন।
আনোয়ার আল শামীম/কেএইচকে/এএসএম