ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে অবৈধভাবে মজুত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৩১ মার্চ ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে পৌরশহরের আজাদমোড় এলাকার ‘সালাম ভলকানাইজিং’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দোকানটির ভেতরে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারমূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

প্রশাসন জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারাদেশে অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। এসময় দোকান মালিককে পাওয়া যায় নি।

দিনাজপুরে অবৈধভাবে মজুত ১৬৭১ লিটার ডিজেল জব্দ

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

ইউএনও রুবানা তানজিন বলেন, বিভিন্ন ব্যবসার আড়ালে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/কেএইচকে/জেআইএম