নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি নুর জামাল মিয়া চট্টগ্রামে গ্রেফতার হয়েছেন/ছবি সংগৃহীত
নেত্রকোনার বারহাট্টায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নুর জামাল মিয়াকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩০ মার্চ) রাতে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় থেকে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৪ ময়মনসিংহের যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু বারহাট্টা উপজেলার শাসনউড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
গত ৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষার পর শিশুটির ওপর নির্যাতনের বিষয়টি শনাক্ত করেন।
পরে শিশুটি জানায়, একই গ্রামের নুর জামাল মিয়া তাকে প্রলোভন ও ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ১২ মার্চ বারহাট্টা থানায় মামলা করেন।
র্যাব জানায়, মামলার পর গ্রেফতার এড়াতে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন নুর জামাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/বিএ