ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করায় দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১২:৪১ পিএম, ০১ এপ্রিল ২০২৬

পাবনার সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করায় পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত ১১টার দিকে উপজেলা গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

নিহত আফছার সরদার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর আফছার সরদারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। এসময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। পরে এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের মেয়ে আমেনা খাতুন জানান, সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট করায় পূর্ব শত্রুতার জেরে আমার বাবা আফসারকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার ওপর হামলা চালায়। বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। এরপর গতরাতে প্রতিপক্ষরা বাবাকে একা পেয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

নিহত আফছারের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলে সহজ-সরল। সে কাজ ছাড়া কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

ওসি আব্দুল লতিফ জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/জেআইএম