বগুড়ায় হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু
ফাইল ছবি
বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে আজ জেলায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মারা যাওয়া রিকশাচালকের নাম আবু সামাদ (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর দুইটার দিকে আবু সামাদ রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বকশীবাজার মোড়ে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং রিকশা থামিয়ে বসে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত রাস্তার পাশের একটি ভবনের দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে দেন। এর কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরহাদ মন্ডল বলেন, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, আজ বিকেল তিনটায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে খেটে খাওয়া মানুষের ওপর।
এল.বি/কেএইচকে/এএসএম