কক্সবাজারে মেরামত করা বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা, নিহত ২
কক্সবাজারের বিজিবি ক্যাম্প সংলগ্ন সাবমেরিন স্টেশন প্রধান সড়ক এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
নিহত পথচারী কামাল উদ্দিন (৩৫) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে। অপরজন মোটরসাইকেলচালক কামরুল ইসলাম (১৮)। তিনি শহরের কলাতলীর একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মী। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়দের বরাতে সাবমেরিন স্টেশন এলাকার বাসিন্দা প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার পথচারী কামাল উদ্দিন সকাল থেকে তার বাড়ির ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। কাজের ফাঁকে চা খেতে প্রধান সড়কের দোকানে যাচ্ছিলেন। সড়কে উঠা মাত্র একটি অটোরিকশার সামনে পড়ে যান তিনি। তা থেকে বাঁচতে লাফ দিলে সড়কের দক্ষিণ পাশে শহরের দিকে দ্রুতগামী মোটরসাইকেলের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে চালকসহ দুজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে রয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম