সবচেয়ে কম রাজস্ব দেয় আমাদের দেশের মানুষ: হুইপ আশরাফ উদ্দিন নিজান
জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের মানুষ সবচেয়ে কম রাজস্ব প্রদান করে। বিশেষ করে বড়োলোকরা কৌশলে ট্যাক্স ফাঁকি দেয়, যার ফলে রাজস্ব আদায়ে ঘাটতি থেকে যায়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার চরলরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন মাঠে সাইনরাইজ ক্লাব এ আয়োজন করে।
আশরাফ উদ্দিন নিজান বলেন, আমাদের দেশে গরীব লোকেরা রাজস্ব দেয়। বড় লোকেরা খুব কম দেয়। কারণ তারা নানাভাবে রাজস্ব ফাঁকি দেয়। এছাড়া মধ্যবিত্ত ও উঠতি ব্যবসায়ীরা রাজস্ব ফাঁকির ব্যাপারে ভয়ে থাকে। আবার যারা সরকারি ছত্রছায়ায় থাকে, তারা ভয় করে না, তারা তো বড় হয়ে গেছে।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শুধু মুখে বললে হবে না, লাঠি নিয়ে মাঠে নামতে হবে। বাজারের লোক ঐক্যবদ্ধ হয়ে তাড়া করলে মাদক কারবারিরা টিকতে পারবে না।
তিনি বলেন, শিক্ষকদেরকে শিক্ষকতা করতে হবে, আপনার রাজনীতি করার দরকার নেই। ভোটের তিন মাস আগে রাজনীতি করবেন। আপাতত যার যার দায়িত্ব পালন করেন।
সানরাইজ ক্লাবের সভাপতি ওসমান গনি বিপ্লবের সভাপতিত্বে ও চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, কমলনগর উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের ও সেক্রেটারি আকরাম হোসেন প্রমুখ।
জানা গেছে, সাইনরাইজ ক্লাবের উদ্যোগে কমলনগরে ৯ জন গুণী ব্যক্তি ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’, ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১৪ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে।
কাজল কায়েস/কেএইচকে/এএসএম