ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কোনো প্রতিষ্ঠান সরকারি থাকলে লস আর প্রাইভেট সেক্টরে গেলেই লাভজনক হয়

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান এমপি বলেছেন, যখনই কোনো প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকে সেগুলো লস প্রজেক্ট হয়। আর সেগুলোকে যখনই প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয় তখন সেগুলো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়। তার মানে যখনই সরকারের নিয়ন্ত্রণে থাকে সরকারের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা সেটাকে লস প্রজেক্টে নিয়ে তারা লাভবান হয়।

শনিবার (৪ এপ্রিল) সকালে মহান মুক্তিযুদ্ধের প্রথম সদরদপ্তর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী বলেন, আমি শুনেছি বেশ কয়েকটি চা বাগান বেসরকারি খাতে দেওয়া হয়েছে। যে চা বাগানগুলো বেসরকারি খাতে দেওয়া হয়েছে ও যেগুলো বেসরকারি আছে সেগুলো লাভজনক। আর তেলিয়াপাড়াসহ যে চা বাগানগুলো এখনও বাংলাদেশ টি কোম্পানির আওতাধীন সেগুলো অলাভজনক হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত চা বাগান হিসেবে এখন চলছে। কেন বেসরকারিগুলো লাভজনক ও সরকারিগুলো অলাভজনক তা খতিয়ে দেখার জন্য তিনি সভায় উপস্থিত জেলার সংসদ সদস্যগণকে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, আমি জানি, আমরা যদি চা বাগানকে ঠিকমতো পরিচর্যা করি তবে অবশ্যই লাভজনক হবে। চা বাগানের সঙ্গে অসংখ্য শ্রমিক আছেন তাদেরও জীবন জীবিকার প্রশ্ন জড়িত আছে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সদস্যসচিব হুমায়ূন কবিরের সঞ্চালনায় এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্যসচিব সাদেক খান উপস্থিত ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এমএস