ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে ভাগ্নের প্রাণটাও গেলো

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫৪) ও নুর আলম বাবু (৪৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ভাগনে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রফিকুল সরকার বাথানমাঠ গ্রামের মৃত জামসেদ সরকারের ছেলে এবং নুর আলম বাবু মৃত আবু সামার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। ওই সময় সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া মোটরের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে পাশের জমিতে কর্মরত নুর আলম বাবু তাকে উদ্ধার করতে ছুটে যান। এসময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। একপর্যায়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে ভাগ্নের প্রাণটাও গেলো

পরে মাঠে থাকা অন্য কৃষকরা জমিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল সমাজদার বলেন, মরদেহে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার লক্ষণ পাওয়া গেছে। এ কারণে নিহতদের পরিবারের লোকজন কোনো অভিযোগ করতে রাজি হননি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।

এম শাহাজান/এসআর/জেআইএম