ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুর ফ্লাইওভারে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে একজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম