ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে মানববন্ধনে হামলা

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় মানববন্ধন চলাকালীন স্থানীয় সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এক দল দুষ্কৃতকারী মানববন্ধনকারীদের ওপর হামলা চালায়। তবে গ্রামবাসীর প্রতিরোধে হামলাকারীরা ফিরে যেতে বাধ্য হয়।

স্থানীয়রা জানান, পশ্চিম আউরা তালতলা খালে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর এলাকার শত শত একর জমির ফসল, গাছপালা, মৎস্য ও পানের বরজসহ বিভিন্ন মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়। বন্যা ও বর্ষা মৌসুমে পানি ঢুকে বাড়ি ঘর তলিয়ে যায়, যার ফলে স্কুল শিক্ষার্থী, নারী ও রোগীরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সরকার খালের তীরে দুই কিলোমিটার বিড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করলেও, স্থানীয় মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন বাধা দেন। পরে বিএডিসি কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখে। বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অবহিত করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার দাবি জানালে, প্রতিকার না পেয়ে আজ সোমবার মানববন্ধন আয়োজন করেন। তবে মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী মানববন্ধনকারীদের ওপর হামলা চালায়। পরে গ্রামবাসীর প্রতিরোধে হামলাকারীরা ফিরে যেতে বাধ্য হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মো. গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার এবং গৃহিণী মাসুমা বেগম।

তারা বলেন, বেড়িবাঁধ নির্মাণ দ্রুত শুরু না হলে প্রতিটি বন্যা মৌসুমে ক্ষতি হবে। আমরা আমাদের অধিকারের জন্য প্রতিবাদ চালিয়ে যাব।

মো. আমিন হোসেন/এফএ/এএসএম