প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের আইডি কার্ড বানাতে গিয়ে রাজমিস্ত্রি আটক
আটক মোস্তাফিজুর রহমান
রংপুরে বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক যুবক আটক হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কেটের দোকান মালিক মিজানুর রহমান জানান, আটক যুবক পুলিশের এএসপি পরিচয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করার জন্য তার দোকানে আসেন। এসময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আটক মোস্তাফিজুর রহমান জানান, তিনি আগে একটি কোম্পানিতে চাকরি করলেও এখন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি যাকে পছন্দ করেন তাকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলতেন। কিন্তু পছন্দের ওই মেয়ে তার কাছে আইডি কার্ড দেখতে চান। ফলে প্রেমিকার আস্থা অর্জন করতে পুলিশের এএসপি হিসেবে আইডি কার্ড বানাতে ওই দোকানে গিয়েছিলেন।
ওসি আজাদ রহমান বলেন, মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিতু কবীর/এসআর/জেআইএম