হবিগঞ্জে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
হবিগঞ্জের মাধবপুরে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ডাকা সালিশি বৈঠকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এর আগে সোমবার (৬ এপ্রিল) উপজেলার বুল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ওই গ্রামেরই মৃত রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় জানায়, বুল্লা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকেলে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কথা কাটাকাটির জেরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলী মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, সংঘর্ষে আহত মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এমএস