ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

মাদারীপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান সামান্তা ট্রেডার্সের মাধ্যমে ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে কলা, পাউরুটি ও ডিম বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ ১৭ জন শিক্ষার্থীকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই মাদারীপুর জেলা প্রশাসনের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন। এসময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে মাদারীপুর প্রশাসন থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে আরও জানা যায়, ঘটনার পর বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের দেখতে যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন প্রেস রিলিজের মাধ্যমে জানান, ঘটনার পরপরই জেলা প্রশাসনের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে হাউসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যাওয়া হয়েছে। এসময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস