তেল নিতে এসে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, আটক ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পাম্প সূত্রে জানা যায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার করে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।

একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
রোকনুজ্জামান মানু/কেএইচকে/এমএস