ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কমেছে পণ্য পরিবহন

তেলের অজুহাতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৬ হাজার

জামাল হোসেন | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

* তেল সংকটে ব্যাহত পণ্য পরিবহন
* পণ্য লোড-আনলোড কমে যাওয়ায় বিপাকে শ্রমিকরা
* পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা
* বাড়তি ভাড়াতেও মিলছে না দূরপাল্লার ট্রাক

বিশ্ব পরিস্থিতিতে দেশব্যাপী জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানির পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। দেশের অভ্যন্তরের পণ্য পরিবহনে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। গন্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে ৫-৬ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে। ফলে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাকভাড়া ছিল ২২ থেকে ২৩ হাজার টাকা। গত ২ এপ্রিল থেকে সেই ভাড়া নেওয়া হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ৩০-৩৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৪০-৪২ হাজার টাকা পর্যন্ত। এতে করে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

তেলের অজুহাতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৬ হাজার

ব্যবসায়ীরা বলছেন, ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় উৎপাদিত পণ্যের দামও বেড়ে যাবে। তেলের পাশাপাশি ট্রাক সংকটেও অনেকে আমদানিকৃত পণ্য খালাস করতে পারছেন না।

আরও পড়ুন- জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা

তেলের সংকটে ইলিশ আহরণে ভাটা, ক্ষতির মুখে জেলেরা

ভৈরবে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী ও অপর সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, বেনাপোল স্থলবন্দরে আমাদের দুই ইউনিয়নের প্রায় ৫ হাজার শ্রমিক প্রতিদিন লোড আনলোডের কাজ করে থাকেন। গত ২ এপ্রিল থেকে তেল সংকটের অজুহাতে ট্রাকভাড়া বৃদ্ধি করায় অনেকে আমদানিকৃত মালামাল খালাস নিতে পারেনি। প্রতিদিন যেখানে ৭০০ থেকে ৮০০ ট্রাক পণ্য লোড আনলোড হতো, এখন সেটি অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে আমাদের শ্রমিকরা দুর্ভোগের মধ্যে পড়বে। অনেকে বেকার হয়ে পড়বে। দ্রুত এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

‘প্রতিদিন যেখানে ৭০০ থেকে ৮০০ ট্রাক পণ্য লোড আনলোড হতো, এখন সেটি অর্ধেকে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে আমাদের শ্রমিকরা দুর্ভোগের মধ্যে পড়বে। অনেকে বেকার হয়ে পড়বে।’

ট্রাকভর্তি পণ্য নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিলেন চালক ইয়ানুর রহমান। তিনি বলেন, ‘সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত তেল মজুত আছে। কিন্তু পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে যা পাওয়া যাচ্ছে তাতে দূরপাল্লার মালামাল পরিবহন করা দুষ্কর হয়ে পড়েছে। কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৫-৭ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা লাটে উঠবে।’

তেলের অজুহাতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৬ হাজার

আব্দুল মান্নান নামের অপর চালক বলেন, ‘আমার ট্রাকে কেমিকেল নিয়ে ভালুকা যাচ্ছি। আগের চেয়ে চার হাজার টাকা ভাড়া বেশি গুণতে হচ্ছে। মালিকের এই টাকা ওঠাতে পণ্যের ওপর প্রভাব পড়বে।’

ট্রাকভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আসলে দেশে তেলের (ডিজেলের) তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়িয়েছে মালিকপক্ষ। এখানে সাধারণ ব্যবসায়ীরা নিরুপায়।’

‘আমার ট্রাকে কেমিকেল নিয়ে ভালুকা যাচ্ছি। আগের চেয়ে চার হাজার টাকা ভাড়া বেশি গুণতে হচ্ছে। মালিকের এই টাকা ওঠাতে পণ্যের ওপর প্রভাব পড়বে।’

আরও পড়ুন- সাতক্ষীরায় ডিজেল সংকটে বিপাকে চালকরা

তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, সেচ সংকটে দুশ্চিন্তায় কৃষকরা

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, ‘দেশে পেট্রোল-অকটেনের কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু ডিজেলের তেমন সমস্যা নেই। তারপরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়ার ওপর পড়তে শুরু করেছে। পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে।’

‘তেল সংকটের কারণে আমদানি-রপ্তানির পণ্য আমরা দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে পাঠাতে পারছি না। তেলের দাম না বাড়লেও ট্রাক মালিকরা হঠাৎ করে গত ২ এপ্রিল থেকে ভাড়া বাড়িয়েছে ৫-৭ হাজার টাকা। এতে করে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে।’

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান জানান, ‘দেশের সবচেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল। প্রতিদিন এই বন্দর দিয়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক পণ্য আমদানি ও আড়াইশো থেকে ৩০০ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। তেল সংকটের কারণে আমদানি-রপ্তানির পণ্য আমরা দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে পাঠাতে পারছি না। তেলের দাম না বাড়লেও ট্রাক মালিকরা হঠাৎ করে গত ২ এপ্রিল থেকে ভাড়া বাড়িয়েছে ৫-৭ হাজার টাকা। এতে করে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। তারা বলেছেন, ট্রাক ভাড়া বাড়ার কারণে তাদের পণ্যের দামও বাড়াতে হবে। যার প্রভাব ভোক্তার ওপর গিয়ে পড়বে।’

তেলের অজুহাতে বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৬ হাজার

এ ব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু জানান, বাজারে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু মানুষ তেলের মজুত করছে। যে কারণে পাম্পগুলো গ্রাহক সামলাতে হিমশিম খাচ্ছেন। আর এই সুযোগ কাজে লাগিয়ে ট্রাক ভাড়া বাড়িয়েছেন মালিকরা। এতে করে সব জিনিসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

বেনাপোল ফিলিং স্টেশনের পরিচালক গোলাম মোর্শেদ সেলিম ও শাহজালাল ফিলিং স্টেশনের পরিচালক ইয়ান আলী জানান, চাহিদা অনুযায়ী অর্ধেকও তেল পাচ্ছেন না তারা। যতটুকু পাচ্ছেন প্রশাসনের সহযোগিতায় সঠিক বণ্টন করছেন তারা।

এফএ/জেআইএম