ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া-৬ উপনির্বাচন

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৯ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। ভোট গ্রহণের প্রথম সাড়ে সাত ঘণ্টায় অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত এই আসনে ২৯ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন নম্বর-৪ অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত এই আসনের ১৫০টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত এই আসনে ১৭ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছিল। সেই হিসাবে গত দুই ঘণ্টায় ভোট প্রদানের হার বেড়েছে প্রায় ১২ শতাংশ।

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৯ শতাংশের বেশি

নির্বাচন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনি এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেন্দ্রগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। যদিও সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে।

মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এল.বি/কেএইচকে/জেআইএম