ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহ

পৌরসভার রাস্তায় গর্ত, ভোগান্তিতে ৩০ পরিবার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

ঝিনাইদহ পৌরসভার ব্যাপারীপাড়া বউবাজার এলাকায় একটি রাস্তায় গভীর গর্ত করার অভিযোগ উঠেছে। নিজের জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে দাবি করে পৌরসভার ৩০ বছরের পুরোনো ওই রাস্তা খুঁড়েছেন নয়ন মিয়া ওরফে নয়ন বিশ্বাস নামের একজন। তিনি পেশায় রড সিমেন্ট ব্যবসায়ী।

স্থানীয়দের অভিযোগ, নয়ন মিয়া স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে রাস্তা ভেঙে দিয়েছেন। এতে ওই এলাকার অন্তত ৩০টি পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। পৌরসভায় লিখিত অভিযোগ করেও স্থানীয় বাসিন্দারা কোনো প্রতিকার পাননি।

বউবাজার এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান, প্রায় ৩০ বছর ধরে ব্যাপারীপাড়া বউবাজার মহল্লায় রাস্তাটি মহল্লার মানুষ ব্যবহার করে আসছে। পৌরসভার পক্ষ থেকে ২০ বছর আগে ইটের এইসবিবি (ইটের হেরিং) রাস্তা তৈরি করে দেওয়া হয়। গত ১৭ মার্চ রাস্তাটি ভেকু গাড়ি দিয়ে ভেঙে দেন নয়ন মিয়া।

স্থানীয়রা জানান, রাস্তার জায়গা তার নিজস্ব জমির ওপর নির্মিত দাবি করে নয়ন মিয়া ভেকু দিয়ে রাস্তা গুঁড়িয়ে দেন। তিনি স্থানীয় বাসিন্দাদের কোনো পূর্ব নোটিশও দেননি। রাস্তা ভেঙে ফেলার আগে পৌরসভাকেও জানাননি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তায় নারী, শিশু ও বয়স্কসহ সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

রাস্তায় জমে গেছে হাঁটুসমান কাদা, পানি ও ময়লা-আবর্জনা। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমনকী জরুরি প্রয়োজনে ওই রাস্তা দিয়ে মহল্লার ভেতরেও বন্ধ হয়ে গেছে ভ্যান-রিকশা চলাচল।

পৌরসভার রাস্তায় গর্ত, ভোগান্তিতে ৩০ পরিবার

এ ঘটনায় প্রতিকার চেয়ে ঝিনাইদহ পৌরসভা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ব্যাপারীপাড়ার বউবাজার মহল্লায় বসবাসকারীরা। গত ২৫ মার্চ জমা দেওয়া অভিযোগপত্রে ওই মহল্লার অন্তত ৩০ জনের সই রয়েছে।

লিখিত অভিযোগপত্রে এলাকাবাসীর পক্ষে আবেদনকারী শরিফুল ইসলাম বলেন, ‌‘হঠাৎ করে রাস্তা কেটে দেওয়ায় আমরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছি। দ্রুত রাস্তা সংস্কার করার জন্য পৌরসভায় গেলেও তারা আমলে নিচ্ছেন না। এলাকাবাসী এ নিয়ে কথা বলতে গেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান চাই।’

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত নয়ন মিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় বলেন, অভিযুক্ত নয়নকে পৌরসভায় হাজির হওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। তবে রাস্তা কেটে ইট তুলে ফেলা অপরাধ। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

এম শাহাজান/এসআর/এএসএম